ফ্রি মাছ খেতে মানা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৫, ০০:৫৮

উত্তর আয়ারল্যান্ডের একটি কাউন্টির কর্তৃপক্ষ একটি আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, ফ্রি মাছ খাবেন না। খেলে স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কাই বেশি।

বাংলায় একটি প্রবাদ আছে, সস্তার তিন অবস্থা। কিছু মানুষ আছে যারা রাস্তায় কিছু ফ্রি পেলে কুড়িয়ে খান। বিশেষ করে গরীবদের ক্ষেত্রে এটা বেশি ঘটে। উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট সিটি কাউন্সিলের কিছু বাসিন্দা রাস্তা থেকে মাছ কুড়িয়ে এনে খায়। কর্তৃপক্ষ বার বার নিষেধ করলেও তাদের এ থেকে দূরে রাখা যায়নি। জানা যায়, সিটির ব্যস্ততম রাস্তা র্যাভেনহিল দিয়ে প্রতিদিনই মাছের ট্রাক যায়। ওইসব ট্রাকে ম্যাকারিল নামে এক প্রকার সামুদ্রিক মাছ থাকে। মাঝে মাঝে ট্রাক থেকে কিছু ম্যাকারিল মাছ রাস্তায় পড়ে। গাড়ি ফিরে আসার আগেই আগে থেকে ওত পেতে থাকা কিছু মানুষ সেটা নিয়ে রান্না করে খান। টম্মি বার্ডসেলে জানিয়েছেন, তিনি ২৫ টি মাছ রাস্তা থেকে সংগ্রহ করেছেন। ৬১ বছর বয়সী টম্মি বলেন, আমি মাছ চিনি। আমাকে মাছ চেনানোর প্রয়োজন নেই। কাউন্টির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বার্ডসেলের মতো অন্যরাও একই কথা বলেন। কিন্তু তারা জানেন না এই মাছ কোথা থেকে আসে এবং সেটা দূষিত কি না। - এবিসিনিউজ