বিদ্যুতের বিশেষ বিধান আইনের মেয়াদ বাড়লো

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৫, ০১:৩৬

তৃতীয় দফায় আরও চার বছরের জন্য বাড়ানো হলো বিদ্যুতের বিশেষ বিধান আইনের মেয়াদ। গতকাল মঙ্গলবার সংসদে বিদ্যুত্ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান, সংশোধিত) আইন-২০১৫ বিল পাস হয়েছে। ২০১৪ সালের ৭ অক্টোবর থেকে আইনটি কার্যকর হবে বলে বিলে উল্লেখ করা হয়।

জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কণ্ঠভোটে বিলটি পাস হয়। স্থায়ী কমিটির সুপারিশসহ বিলটি পাস করার জন্য সংসদে পেশ করেন বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বিলে ২০১০ সনের ৫৪ নং আইনের ধারা ১ এর উপধারা (২) এ সংশোধনী এনে চার বছরের পরিবর্তে আট বছর করা হয়েছে। এর আগে ২০১২ সালে এ বিলে দুই বছরের জন্য আরেক দফা সংশোধনী আনা হয়েছিল।
এ ছাড়া সংসদে গবেষণার মাধ্যমে দেশে বিদ্যুত্ ও জ্বালানি খাতের উত্কর্ষ আনা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুত্ গবেষণা কাউন্সিল আইন-২০১৪ বিল পাস হয়।