শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নির্ধারিত সময়েই এসএসসি পরীক্ষা শুরু হবে। বুধবার সচিবালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই সভার আয়োজন করা হয়।
নুরুল ইসলাম নাহিদ বলেন, আমরা অনুরোধ জানাচ্ছি, আল্লাহর দোহাই, খোদার দোহাই, মানবতার দোহাই, তারা (বিএনপি) দয়া করে আমাদের ছেলে-মেয়েদের পরীক্ষা নিশ্চিন্তে দেয়ার ব্যবস্থা করে দিন।
মন্ত্রী বলেন, পরীক্ষা বাধাগ্রস্ত করার জন্য কোনো ষড়যন্ত্র সফল হবে না। পরীক্ষার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, তা নেওয়া হয়েছে।
প্রশ্নপত্র ফাঁস নিয়ে তিনি বলেন, এবার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে যা যা করার তাই করা হয়েছে।
আগামী ২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সেখানে ১৪ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেবে।
