দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৭০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বড় ধরণের সামরিক কুচকাওয়াজের আয়োজন করার পরিকল্পনা নিয়েছে চীন। সেখানে প্রধান অতিথি হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হবে। বুধবার বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার চীনের কাছ থেকে ঐ পরিকল্পনার ঘোষণা এসেছে।
গত রবিবার তিনদিনের সফরে ভারতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানে দেশটির প্রজাতন্ত্র দিবসে সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। ওবামার ভারত সফর দুই দেশের সম্পর্ককে একটি নতুন মাত্রা দিয়েছে। এখন ভারতের অন্যতম প্রতিপক্ষ চীন সামরিক কুচকাওয়াজের ঘোষণা দিল। আর প্রধান অতিথি হিসেবে এমন একজনের নাম ঘোষণা করা হল যে, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রতিপক্ষ রাষ্ট্র রাশিয়ার রাষ্ট্রপ্রধান।
প্রতি ১০ বছর অন্তর এই ধরণের সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। বেইজিংয়ের ফুং ঝিয়াংহুয়ায় এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সেখানে কঠোর নিরাপত্তা নেয়া শুরু হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, সামরিক কুচাকাওয়াজে রাশিয়ার রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন। তিনি উপস্থিত থাকলে, চীনের এই ধরণের কুচকাওয়াজে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকার মতো প্রথম ঘটনা হবে।
প্রেসিডেন্ট পুতিন কুচকাওয়াজে উপস্থিত থাকবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পিটিআই বলছে, তার উপস্থিত থাকার সম্ভাবনা ৮ শতাংশ।
১৯৪৯ সালে চীন প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ২০০৯ সালে দেশটি সর্বশেষ সামরিক প্যারেডের আয়োজন করেছিল।
