কারাগারগুলো সংস্কার করে রাখলে ভালো: রিজভী

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৫, ১৫:৫৮
 
‘কারাগারগুলো সংস্কার করে রাখলে ভালো হয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, গুম, গুপ্তহত্যা এবং গ্যাস চেম্বারের অব্যবহিত পরেই আসে কুখ্যাত নাৎসী সহযোগীদের বিচারের জন্য নুরেমবার্গ ট্রায়াল। নুরেমবার্গ ট্রায়ালের ন্যায় বাংলাদেশের মাটিতেও যে দেশের নাৎসী সহযোগীদের বিচার হবে না এটা যেন কেউ মনে না করে। সুতরাং এখন থেকেই কারাগারগুলো সংস্কার করে রাখলে ভালো হয়।
তিনি বলেন, তথ্যমন্ত্রী বলেছেন, বেগম জিয়ার জন্য নাকি কাশিমপুর কারাগারে জায়গা করে রাখা হয়েছে। বেগম জিয়াকে গ্রেফতার ও বিচারের অহর্নিশ হুমকি দিয়ে হাসানুল হক ইনুরা দেশকে নিয়ে যেতে চাচ্ছেন চরম সংঘাতের দিকে। বিদ্যমান সংকটকে তারা আরো বেশি ঘনীভূত করতে চাচ্ছেন।
তিনি বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে মামলা ও তাকে গ্রেফাতারের ষড়যন্ত্র করলে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ওপর জীবনসংহারী হানাদারদের আক্রমণ বন্ধ না করা হয়, মতপ্রকাশের স্বাধীনতাকে যদি প্রসারিত না করা হয়, গুলি করে হত্যা না থামান হয় তাহলে বিরোধী দল লড়াই ব্যতিরেকে নতিস্বীকার করবে না। তবে এ লড়াই জনগণের অব্যাহত শান্তিপূর্ণ লড়াই।
তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ের বাকশালের চূড়ান্ত রূপ দিতে এই অবৈধ নাছোড়বান্দা সরকার রেডিও, টেলিভিশন ও সংবাদপত্র দখল করে নিয়েছে। অবিরাম কুত্সার ধারাবর্ষণ ছাড়া গণমাধ্যমে এখন ন্যায়সঙ্গত প্রতিবাদ বা আন্দোলনের খবর প্রকাশিত হয় না। আর তাই এখন পুলিশ লীগ ও র্যাব লীগের ন্যায় প্রভাবিত গণমাধ্যমগুলোকে গণমাধ্যম লীগ হিসেবে মানুষ অভিহিত করছে। বিরোধী দলের কর্মসূচিকে গণবিরোধী দেখানোর জন্য যেন প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে কয়েকটি প্রিন্ট ও বৈদ্যুতিক গণমাধ্যম।
রিজভী বলেন, ২০০৯ সালে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে জেষ্ঠ্যতা ও দক্ষতাকে ডিঙ্গিয়ে আওয়ামী লীগপন্থী পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের স্ব স্ব বিভাগের প্রধান পদে অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে। মাত্রাতিরিক্ত রাষ্ট্রানুকূল্য পেয়ে তারাই এখন বেপরোয়া বেআইনি এখতিয়ার বহির্ভূত কাজ করছেন। দেশের বিরোধী দলের আন্দোলন দমাতে এরা সর্বনাশা নির্মূল যুদ্ধে নেমে পড়েছে। দেশব্যাপী ক্রসফায়ার আর বন্দুকযুদ্ধের মনগড়া কাহিনী তৈরি করে আন্দোলনরত তরুণ নেতা-কর্মীদের মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে এরাই হত্যা করেছে।