লাগাতার অবরোধের মধ্যেই আগামীকাল বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ ৯ জেলায় হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আজ বুধবার দুটি পৃথক বিবৃতিতে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাসহ নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এই হরতাল ডেকেছে তারা।
বিকালে প্রথম বিবৃতিতে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন মহানগরকে বাদ রেখে ঢাকার পাঁচটি উপজেলা এবং এই বিভাগের আটটি জেলায় হরতালের কর্মসূচি ঘোষণা করেন। পরে সন্ধ্যায় অন্য এক বিবৃতিতে ঢাকা মহানগরীকেও হরতালের আওতাভুক্ত করা হয়।
দ্বিতীয় বিবৃতিতে মিলন বলেছেন, ‘ঢাকা মহানগরীতে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত চলমান অবরোধের পাশাপাশি ২৪ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালিত হবে।’
