২০ দলীয় জোটের উদ্যোগে আগামীকাল শুক্রবার দেশব্যাপী জুম্মার নামাজ শেষে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কথা বলেন,চলমান আন্দোলনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের যেসমস্ত নেতা-কর্মীবৃন্দ পুলিশ- র্যাব ও যৌথ বাহিনীর হাতে নিহত হয়েছেন, গোয়েন্দা পুলিশ ও যৌথ বাহিনীর দ্বারা কথিত ক্রসফায়ারের নামে গুলিতে নিহত হয়েছেন এবং নাশকতার উদ্দেশ্যে ’সরকারি এজেন্ট’ দ্বারা নিক্ষিপ্ত পেট্রোল বোমায় যে সমস্ত সাধারণ মানুষ মৃত্যু বরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় ২০ দলীয় জোটের উদ্যোগে আগামী শুক্রবার দেশব্যাপী জুমা শেষে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি ও জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীগণকে ঐদিন মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের কর্মসূচি সফলভাবে পালনের জন্য অনুরোধ করেছে ২০ দলীয় জোট।
