কোকোর কবরে সাধারণ মানুষের ভিড়, দেখা যায়নি নেতাদের

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৫, ২১:৩০
 
রাজধানীর বনানী গোরস্তানে সবুজ ঘাসের গালিচায় ঢেকে দেয়া আরাফাত রহমান কোকোর কবরে বুধবার উদয়াস্ত ছিল মানুষের ভীড়। তবে বিএনপির কোনো নেতাকে তার কবরের পাশে দেখা যায়নি।
 
সকাল থেকেই ফুলে ফুলে ভরে ওঠে কবরের আয়তন। কাকভোর থেকে রাত অবধি বেশুমার মানুষ গেছেন কেউ ফুল দিতে কেউ দোয়া করতে। কেউ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন, কেউ-বা দীর্ঘক্ষণ। বিকেল পাঁচটার দিকে কোকোর স্ত্রী শরমিলা রহমান সিথি তার কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমান, কোকোর মামা শামীম এস্কান্দার ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা কবর জেয়ারত করতে যান। তারা সেখানে কিছু সময় দোয়া-দরুদ পড়েন এবং মোনাজাত করেন।
 

বনানীর সিটি করপোরেশন কবরস্থানের তত্ত্বাবধায়ক মফিজুল ইসলাম জানান, মঙ্গলবার রাতের পর অপরাহ্ন অবধি বিএনপির বড় কোনো আসেননি। সকাল থেকে এসেছেন কেবল অসংখ্য সাধারণ মানুষ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা আবদুল বারী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে হিসেবে কোকোর কবর সংরক্ষণ করা হতে পারে।