রাজনৈতিক দলের সম্মতি ছাড়া আয়-ব্যয় প্রতিবেদন কেন নয়: হাইকোর্ট

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৫, ২১:৫৭
 
 
 
 
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর দাখিল করা বার্ষিক আয়-ব্যয়ের হিসাব সংক্রান্ত প্রতিবেদন তাদের সম্মতি ছাড়া প্রদান না করার সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত বলে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন ও তথ্য কমিশনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
নিবন্ধন বিধিমালা অনুসারে রাজনৈতিক দলগুলো বার্ষিক আয়-ব্যায়ের হিসাব নির্বাচন কমিশনকে দাখিল করে থাকে। এ হিসাব প্রতিবেদন চেয়ে তথ্য অধিকার আইনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার নির্বাচন কমিশনে আবেদন করেন। তবে কমিশন রাজনৈতিক দলের সম্মতি ছাড়া এর অনুলিপি দিতে অপরাগতা প্রকাশ করে। পরে তিনি তথ্য কমিশনে অভিযোগ দাখিল করেন। তথ্য কমিশন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখে। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন বদিউল আলম মজুমদারসহ ছয় বিশিষ্ট নাগরিক। এরা হলেন— তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান এবং এ এস এম শাহজাহান, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক তোফায়েল আহমেদ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।
শুনানিতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ড. শরীফ ভুইয়া ও ব্যারিস্টার তানিম হোসেইন শাওন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম। শুনানি শেষে রুল জারি করে আদালত।