আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ড রুখে দিতে সর্বস্তরের জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। গতকাল বুধবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের এক মতবিনিময় সভায় এ আহ্বান জানিয়ে বলা হয়, শুধু প্রশাসন দিয়ে বিএনপি-জামায়াতের নাশকতা মোকাবেলা করা যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে সবার মাঠে নামতে হবে। জনগণ মাঠে নামলে অপশক্তির অপতত্পরতা বন্ধ হয়ে যাবে। জনগণকে মাঠে নামানোর উদ্যোগ নেয়ার জন্য ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দের পাশাপাশি শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নেতারা অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রেস ব্রিফিংয়ে বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও পেট্রোল বোমায় নিহতদের আত্মার মাগফেরাত ও অগ্নিদগ্ধদের আশু রোগমুক্তি কামনায় শুক্রবার রাজধানী ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা-উপজেলায় দোয়া, মিলাদ ও গায়েবানা জানাজার কর্মসূচি পালন করবে ১৪ দল। একই সঙ্গে নাশকতার প্রতিবাদে ওই দিন বিকাল আড়াইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সমাবেশের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ক্ষমতাসীন এ জোট।
মোহাম্মদ নাসিম বলেন, কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটসহ সারাদেশে শুক্রবার বাদ জুমা দোয়া, মিলাদ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে এবং দেশের প্রতিটি মন্দির, গির্জা ও প্যাগোডাতেও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। গায়েবানা জানাজা শেষে ১৪ দলের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সমাবেশ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেবেন। মোহাম্মদ নাসিম বলেন, নাশকতা মোকাবেলায় প্রশাসন কাজ করছে, তবে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। খালেদা জিয়ার উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, মঙ্গলবার আমরা একজন ব্যথাতুর মায়ের মুখ দেখেছি। প্রধানমন্ত্রী তাঁকে সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন। একজন মা গিয়েছিলেন আরেকজন মায়ের কাছে। কিন্তু তাঁর (প্রধানমন্ত্রীর) সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। ১৪ দল এর তীব্র নিন্দা জানিয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার জন্য শিক্ষামন্ত্রী ও অভিভাবকদের দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, পরীক্ষা সঠিক সময়ে হবে।
সূত্র জানায়, বৈঠকে ১৪ দলের নেতারা গার্মেন্টস শ্রমিকসহ সর্বস্তরের মানুষকে নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এমন অস্বাভাবিক পরিস্থিতি চলতে থাকলে ক্ষতি সবার। এক পর্যায়ে তো গার্মেন্টস মালিকরা বেতন দিতে পারবে না। এ সময় গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন, ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌ-পরিবহন মন্ত্রী ও সমন্বয় ঐক্য পরিষদের নেতা শাজাহান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু, আবু সাঈদ খান, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, দপ্তর সম্পাদক এম সালাহউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান প্রমুখ।