বিমানবন্দরে পোস্ট অফিসের পার্সেলে সাড়ে ৪ কেজি সোনা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৫, ০০:১৮

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক পোস্ট অফিসে একটি পার্সেল থেকে সাড়ে ৪ কেজি ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ২ কোটি ২৫ লাখ টাকা। বুধবার দুপুর ১২ টার দিকে বিমানবন্দরের আন্তর্জাতিক পোস্ট অফিসে বিদেশ থেকে গাড়ির যন্ত্রাংশ পাঠানোর একটি পার্সেলের ভিতর থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়।

শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মাদ জিয়াউদ্দিন জানান, মঙ্গলবার রাতে দুবাই থেকে একটি ফ্লাইটে চট্টগ্রামের ‘নূর ইলেকট্রনিকস’ কোম্পানির নামে ১০-১২ কেজি ওজনের ঐ পার্সেলটি আসে শাহজালাল বিমানবন্দরে। পার্সেলটি ঢাকা জিপিও থেকে গ্রহীতার নেয়ার কথা ছিল। পরে গোপনে সংবাদ পেয়ে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় কালো কাপড় দিয়ে মোড়ানো ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। তিনি আরো বলেন, নূর ইলেকট্রনিকস বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। এ বিষয়ে একটি বিভাগীয় মামলা হয়েছে এবং ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।