শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আল্লাহর দোহাই, মানবতার দোহাই, শিক্ষার্থীদের দোহাই দিচ্ছি-এসব অবরোধ প্রত্যাহার করুন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এসএসসি পরীক্ষা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
নুরুল ইসলাম নাহিদ বলেন, আরো তিন দিন সময় আছে, আশা করছি এর মধ্যে তাদের (বিএনপি) মানবতা জাগ্রত হবে। আল্লাহর কাছে প্রার্থনা করছি- আল্লাহ তাদের রহম দাও।
তিনি বলেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, সবার প্রতি আহ্বান ছেলে-মেয়েদের বিঘ্ন ঘটাবেন না।
শিক্ষামন্ত্রী জানান, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী পরীক্ষায় মোট ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন, যা গতবারের চেয়ে ৪৬ হাজার ৫৩৯ জন বেশি। সময়সূচি অনুযায়ী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১০ মার্চ।
এসএসসিতে মোট পরীক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষাবোর্ডের পরীক্ষার্থী ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন। মাদ্রাসা ও দাখিলের পরীক্ষার্থী দুই লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং কারিগরি বোর্ডের অধীন এসএসসি ভোকেশনালে পরীক্ষার্থী এক লাখ ১০ হাজার ২৯৫ জন। সারা দেশে মোট তিন হাজার ১১৬টি কেন্দ্রে পরীক্ষা হবে।
