১ ফেব্রুয়ারি থেকে নিরাপদ খাদ্য আইন কার্যকর

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৫, ১৫:৪৮
 
আগামী ১ ফেব্রুয়ারি থেকে নিরাপদ খাদ্য আইন কার্যকর হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বৃহস্পতিবার
সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
কামরুল ইসলাম জানান, আইন অনুযায়ী খাদ্যে ভেজাল রোধে পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার ও ২০ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে।
তিনি বলেন, আগের অধ্যাদেশ অনুযায়ী অনিরাপদ খাদ্য উৎপাদক, বিক্রেতার বিরুদ্ধে সরাসরি মামলা করা যেত না। এ আইনে মামলা করা যাবে।
মন্ত্রী জানান, খাদ্য আদালত গঠনে আইন মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য মোবাইল কোর্ট আইন ২০০৯-এর তফসিলভুক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও চিঠি দেয়া হয়েছে।
২০১৩ সালের ৭ অক্টোবর জাতীয় সংসদে নিরাপদ খাদ্য বিল পাস হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ নভেম্বর আইনটি কার্যকর করতে খাদ্য মন্ত্রণালয়কে তিন মাসের সময় বেঁধে দেয় আদালত।
আইনটি কার্যকর করতে খাদ্যমন্ত্রীর নেতৃত্বে ৩০ সদস্যবিশিষ্ট খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। ঐ কমিটি নিরাপদ খাদ্যবিষয়ক পরিকল্পনা প্রণয়ন ও সংশ্লিষ্টদের পরামর্শ দেবে।