বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামসহ ৪৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়েছে। আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আদালত ৯ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেছে। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আতাউল হক এ তারিখ ধার্য করেন। রাজধানীতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আনা একটি মামলায় বৃহস্পতিবার অভিযোগ গঠনের কথা ছিল।
২০১২ সালের ২৯ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুরের অভিযোগে আনা এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদ, জাগপা নেতা শফিউল আলম প্রধান, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৪৬ জনকে আসামি করা হয়। গত বছরের ২৫ মে মামলায় চার্জশিট দেয়া হয়।
আসামিপক্ষে আইনজীবী এডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা আজ সময়ের আবেদন করেন।
