এমপিদের স্টিকার নিয়ে কাজের বুয়া বাজারে যায়!

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৫, ২০:২৮
 
‘সংসদ সদস্যদের স্টিকার এখনও নীলক্ষেতেও পাওয়া যায়। সংসদ সদস্য লেখা স্টিকারযুক্ত গাড়ি নিয়ে কাজের বুয়াও বাজার করতে যায়। এত ভুয়া এমপি, ভুয়া স্পিকার, ভুয়া ডাক্তার, ভুয়া সাংবাদিক ও ভুয়া পুলিশ-এই অবস্থায় আসল পুলিশ কী করবে ‘- বুধবার সংসদে দেয়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রতিবাদ হয়েছে সংসদে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার সংসদকে জানিয়েছেন, এই পরিস্থিতি ঠেকাতে শিগগিরই সংসদ নতুন স্টিকার করছে।
পয়েন্ট অব অর্ডারে বিষয়টির অবতারণা করে বিএনএফ চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের এমপি এসএম আবুল কালাম আজাদ বলেন, মন্ত্রী (ওবায়দুল কাদের) তার বক্তব্যে ভুয়া এমপি ও ভুয়া স্পিকারের কথাও বলেছেন। কিন্তু ভুয়া মন্ত্রীর কথা বলেননি। বিষয়টি এমপিদের জন্য অবমাননার। আমি মন্ত্রীদের বলবো, কথা বলার সময় একটু সাবধানে বলবেন।
এসময় স্পিকার শিরীন শারমিন বলেন, দু’দিন সংসদে বিষয়টি নিয়ে কথা হচ্ছে। আগের যে স্টিকারগুলো, ানেকে সেগুলোকে ফটোকপি করে অন্যায়ভাবে ব্যবহার করছেন। সেটি যেন আর না হয় সেজন্য নতুন হলোগ্রাম, গাড়ির নম্বর ও নিরাপত্তা নম্বরযুক্ত নতুন স্টিকার করা হচ্ছে। এমপিদের গাড়ির জন্য এক ধরনের স্টিকার, তাদের পরিবারের জন্য আরেকটি গাড়িতে ভিন্ন ধরনের স্টিকার থাকবে। আর সংসদ সচিবালয়ের যানবাহনের জন্য ভিন্ন রঙের স্টিকার করা হচ্ছে।