পুলিশ যা করবে আইনের মধ্যে থেকেই করবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৫, ২২:৩৪
নাশকতা দমন করতে পুলিশ আইন লঙ্ঘন করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে গত বুধবার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে যেকোনো উপায়ে মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যবস্থা নিতে বলেছিলেন। তিনি বলেন, ' মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য যত কঠিন কাজ হোক সেটা আপনারা নির্দ্বিধায় করে যাবেন; অন্তত এইটুকু লিবার্টি আমি আপনাদের দিচ্ছি।'
আসাদুজ্জামান খাঁন বলেন, 'পুলিশ যা করবে, তা আইনের মধ্যে থেকেই করবে।'
রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “আপনারা তো দেখেছেনই সারাদেশে আন্দোলনের নামে সাধারণ মানুষকে পেট্রোল বোমা মেরে হত্যা করা হচ্ছে। সম্পদ নষ্ট করা হচ্ছে।
এছাড়াও আসন্ন এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধে পুলিশের ভূমিকা কী হবে জানতে চাইলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, 'এসএসসি পরীক্ষার সময় এ ধরনের হরতাল-অবরোধ থাকবে না। যদি থাকে তাহলে জনগণই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইতোমধ্যে জনগণ নাশকতাকারীদের ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছে।'
নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক, বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ চৌধুরীর বক্তব্যের পর তাদেরও সমালোচনায় মুখর হয়েছিল বিএনপি। বিএনপির এমন সমালোচনার মাঝেই পুলিশের ভূমিকার ব্যাপারে এমন কথা জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।