বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, পেট্রোলবোমা ছুঁড়ে নিরীহ মানুষকে অগ্নিদগ্ধ করা শুধু অমানবিকই নয়, যারা এগুলোর সঙ্গে যুক্ত তারা পাশবিক বিবেকের অমানুষ। কিন্তু এই জঘন্য অপকর্মের দায় চাপানো হচ্ছে বিরোধী দলের ওপর। কারণ সরকারি শক্তির নিয়ন্ত্রণে গণমাধ্যম। তাদের হুকুমেই গণমাধ্যমে ঢালাও প্রচার চালানো হচ্ছে বিরোধী দলের বিরুদ্ধে।
নাশকতার জন্য সরকারকে দায়ী করে রিজভী প্রশ্ন রাখেন, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজ কার্যালয়ে ‘অবরুদ্ধ’, দলের মহাসচিবসহ হাজার-হাজার নেতা-কর্মী কারাগারে, প্রায় লক্ষাধিক নেতা-কর্মী মিথ্যা মামলা কাঁধে নিয়ে বাড়িছাড়া, এ রকম ভয়ঙ্কর আতঙ্ক ও উত্কণ্ঠার মধ্যে নেতা-কর্মীরা জীবন বাঁচাবে না গাড়িতে আগুন অথবা পেট্রোলবোমা ছুড়বে? রিজভী দাবি করেন, দেশের জনপদের পর জনপদে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব লোমহর্ষক ঘটনা প্রতিদিনই ঘটছে অথচ গণমাধ্যম নিশ্চুপ। যদিও দু-একটি পত্রিকা অনেক হুমকির মাঝেও কিছু কিছু ঘটনা প্রকাশ করছে।
