অতিরিক্ত বলপ্রয়োগ পেট্রোল বোমার জবাব নয়: অ্যামনেস্টি

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ১৩:৫৫
 
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ‘সাম্প্রতিক সময়ের পেট্রোল বোমা হামলার বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগে পুলিশকে ক্ষমতা দেয়ার মাধ্যমে বিরাজমান সহিংস পরিস্থিতিকে আরো  অবনতির দিকে ঠেলে দিচ্ছে। চলমান সহিংস রাজনৈতিক বিক্ষোভের মধ্যে কর্তৃপক্ষ এই আদেশ দেয়।’ বৃহস্পতিবার সংগঠনটির একটি প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানানো হয়েছে।
‘বাংলাদেশ: এক্সসেসিভ পুলিস ফোর্স নট দি অ্যানসার টু হরিফিক পেট্রোল বম অ্যাটাকস’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। দেশের গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যখন এবং যেখানেই প্রয়োজন মনে হবে, সরকার প্রধান হিসেবে আমি (পুলিশকে) যেকোনো ব্যবস্থা নেয়ার স্বাধীনতা দিচ্ছি’। আগুন দেয়ার ঘটনায় এ পর্যন্ত দুই ডজনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে উল্লেখ করেছে সংগঠনটি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ বিষয়ক গবেষক আব্বাস ফয়েজ বলেন, ‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত বল প্রয়োগে বা এমনকি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটাতে এ ধরনের মন্তব্য পুলিশকে উন্মুক্ত আমন্ত্রণবার্তা পাঠানোর বড় ধরণের ঝুঁকি বহন করে। অতীতে এই ধরণের ঘটনা ঘটেছে।’
তিনি বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও যৌথ বাহিনীসহ পুলিশের সাম্প্রতিক অভিযানগুলোতে এক ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে কিছু বিচারবর্হিভূত হত্যাকাণ্ড রয়েছে। এর সাথে জড়িতদের চি‎হ্নিত করে তাদের বিচারের দাবিও জানান তিনি।
তিনি বলেন, বিএনপির উচিত তার দলের সদস্য ও সমর্থকদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে উৎসাহিত করা।