বিএনপি মানবতার শত্রু: হাছান মাহমুদ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ১৫:২০

 

বিএনপি-জামায়াত জোটকে ‌‌‘মানবতা ও ইসলামের শত্রু' বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড.হাছান মাহমুদ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত ‌চলমান ‘নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে'  আয়োজিত বিক্ষোভমিছিল পূর্ব এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ড.হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামাত ইসলামেরও শত্রু। নির্বাচন আসলে তারা কেবল কড়া মুসলমান হয়ে যায়। বেগম জিয়ার নির্দেশে তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিনও ঢাকা শহরে বিশৃঙ্খলা করেছে। এমনকি বিশ্ব ইজতেমার সময়ও তারা তাদের অবরোধ-সহিংসতা অব্যাহত রেখেছিলো।
তিনি বলেন, বিএনপি-জামায়াত যেভাবে আন্দোলনের নামে পেট্রোলবোমা নিক্ষেপ করছে, চলন্ত বাসে অগ্নিসংযোগ করে জীবন্ত মানুষ হত্যা করছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। রাজনীতির নামে এভাবে মানুষ হত্যা কোন সভ্য সমাজে কখনোই ঘটেনি আর ঘটবেও না কখনো। কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার লোভেই তারা দেশব্যাপী এমন সহিংসতা চালাচ্ছে।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেছেন, বিএনপির আজকের দোয়া কর্মসূচি  জাতির সাথে তামাশামাত্র। হত্যাকারীরা(বিএনপি-জামাত)আসলে এই কর্মসূচির মাধ্যমে পেট্রোল বোমায় নিহত-আহতদের সাথে এবং তাদের পরিবার পরিজনদের সাথে উপহাস করছেন।