হরতালে পরীক্ষা হবে কি না সিদ্ধান্ত রবিবার

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ২১:৪৭
 
টানা অবরোধের ভেতর রবিবার থেকে ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এতে অনিশ্চিত হয়ে পড়েছে সোমবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা। নির্ধারিত ২ মার্চ পরীক্ষা শুরু হবে কি না তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, হরতালে পরীক্ষা নেয়া হবে কি না সেই সিদ্ধান্ত নেয়া হবে নির্ধারিত পরীক্ষার এক দিন আগে।
এর আগে অবরোধ প্রত্যাহার না হলেও পরীক্ষা নেওয়ার বিষয়ে অনড় অবস্থানের কথা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী।
তবে এর মধ্যেই শুক্রবার বিরোধী জোট এক বিবৃতিতে রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে।পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার মাঝে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান জানিয়ে দিলেন হরতালে পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত জানতে আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।