খালেদা জিয়ার সঙ্গে ড.কামাল-মান্নার বৈঠক

গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাচ্ছি

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ২২:০১
গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন,নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না ও সংস্কারপন্থি বলে পরিচিত আওয়ামী লীগ নেতা সুলতান মোহাম্মদ মনসুর। শুক্রবার রাতে আধা ঘণ্টার বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ড. কামাল হোসেন বলেন,দেশে রাজনৈতিক সংকট চলছে। দেশে সুস্থ পরিবেশ নেই। এই সঙ্কট উত্তরণে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের সব মানুষেই চায় সুস্থ,শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। আমরা সেজন্য কাজ করছি। তিনি বলেন,সেই শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য শুধু গণফোরাম নয়, কয়েকটি দল ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
ড. কামাল হোসেন বলেন,আমরা মূলত আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক জানাতে এখানে এসেছিলাম। তার শোক বাইয়েও আমরা স্বাক্ষর করেছি। এর আগে শুক্রবার সন্ধ্যা সাতটায় ড.কামাল গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন। বেশকিছু দিন ধরে বিএনপি চেয়ারপারসন সেখানেই অবস্থান করছেন। এ সময় ড. কামালের সঙ্গে ছিলেন গণফোরামের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু। এর কিছুক্ষণ পরই খালেদা জিয়ার কার্যালয়ে যান মাহমুদুর রহমান মান্না, সুলতান মুহাম্মদ মনসুর।