দেশব্যাপী রাজনীতির নামে মানুষ হত্যা, সহিংসতা বন্ধ, সকল যুদ্ধাপরাধীর বিচার দ্রুত নিষ্পত্তি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে গণস্বাক্ষর ও সমাবেশের শুরু হয়। ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী স্বাক্ষর করে গণস্বাক্ষরের উদ্বোধন করেন। মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার জানান, থেকে শাহবাগে গণস্বাক্ষর অভিযান শুরু হলো। ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী এ কর্মসূচি পালন শুরু হবে। ‘মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন-অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণই আমাদের অঙ্গিকার’ শ্লোগানকে সামনে রেখে মাসব্যাপী চলবে এ কর্মসূচি।
সমাবেশে ইমরান বলেন, সারাদেশে রাজনীতির নামে ধারাবাহিক সহিংসতা চলছে। নারী-পুরুষ-শিশুসহ সহায়-সম্পদ জ্বলে-পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। চারদিকে ছড়িয়ে পড়েছে পোড়া মাংসের গন্ধ। স্বজন হারানোর মাতম চলছে দেশজুড়ে। এ অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত এবং মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন-অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিত প্রতিবাদ-প্রতিরোধে শামিল হওয়া নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। তাই আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি। মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল সকল ব্যক্তি-পরিবার, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক এবং নারী-শ্রমিক-ছাত্র-যুব-পেশাজীবি সংগঠন ও প্রতিষ্ঠানের সকলের প্রতি গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে।
প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ স্বাক্ষর গ্রহণ কর্মসূচি চলবে। একই দাবিতে আগামী ৫ ফেব্রুয়ারি সকাল দশটা থেকে ফের শাহবাগে টানা অবস্থান করবে মঞ্চের কর্মীরা। সারাদেশ থেকে সংগৃহীত স্বাক্ষর আগামী ২৬ মার্চ রাষ্ট্রপতি ও স্পিকারের কাছে হস্তান্তর করা হবে।
