জন কেরিকে ৫০ ডলার জরিমানা

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৫, ০১:০২

বিশ্বে প্রভাবশালী রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বিভিন্ন দেশের পররাষ্ট্র নীতি প্রণয়নে ভূমিকা রাখেন। কিন্তু তাই বলে তিনি তার দেশে আইনের ঊর্ধ্বে নন। তাইতো বাড়ির সামনের বরফ না সরানোয় তাকে ৫০ মার্কিন ডলার জরিমানা গুনতে হলো যা বাংলাদেশি টাকায় ৩ হাজার ৯শত টাকা (প্রতি ডলার ৭৮ টাকা হিসেবে)। খবর ওয়াশিংটন টাইমসের।

গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রে প্রচণ্ড তুষারঝড় হয়। এতে বোস্টনে বিভিন্ন এলাকায় ব্যাপক পরিমাণে বরফ জমে। বোস্টন শহরের মেয়র সবাইকে বরফ সরিয়ে ফেলার নির্দেশ দেন। না করলে জরিমানা করা হবে বলেও জানিয়ে দেন। মেয়র মার্টিন ওয়ালস জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি ‘বিকল হিল ম্যানসন’র সামনে বরফ জমেছিল। কিন্তু তিনি বরফ সরাতে ব্যর্থ হয়েছেন। যদিও তিনি ওই সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সৌদি আরব সফরে ছিলেন। কেরির মুখপাত্র গ্লেন জনসন জানিয়েছেন, দ্রুত জরিমানার টাকা পরিশোধ করা হবে। ইতোমধ্যে বাড়ির সামনের বরফ সরানো হয়েছে।