এসএসসি পরীক্ষার সময় নাশকতা বন্ধের দাবি

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৫, ০১:২৬

আসন্ন এসএসসি পরীক্ষা চলাকালে অবরোধ ও নাশকতা বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়। সাংবাদিক সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মানসিকভাবে বিপর্যস্ত ও উদ্বিগ্ন। শিক্ষার্থীরা কেউ কোন রাজনৈতিক দলের কর্মী নয়। তারা কেন রাজনৈতিক সহিংসতার শিকার হবে! চলমান পরিস্থিতি নিরসনে শিক্ষকবৃন্দ সরকার ও বিরোধী দলের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল আরেফিন চৌধুরী, অধ্যক্ষ আব্দুর রশীদ, এ.বি.এম আব্দুল মজিদ বেলাল প্রমুখ।