হরতাল প্রত্যাহার হবে, এখনো আশায় শিক্ষামন্ত্রী

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৫, ১৭:২২
 
 
এসএসসি পরীক্ষা শুরু হতে আর এক দিন বাকি। অথচ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এখনো আশা করে রয়েছেন বিএনপি হরতাল প্রত্যাহার করবে। তাদের শুভবুদ্ধির উদয় হবে। আর হরতাল প্রত্যাহার না হলে পরীক্ষা হবে, কি হবে না; তিনি সে সিদ্ধান্ত নেবেন সিলেট থেকে ঢাকায় ফিরে।
 
শনিবার সকালে সিলেট ক্রীড়া কমপ্লেক্স মাঠে মেট্রোপলিটন ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এসব কথা জানান। তিনি বলেছেন, ‘এবার এসএসসি পরীক্ষায় ১৫ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে ২০ দলীয় জোটের নেতাদের প্রতি হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলাম। তারা কথা রাখেনি। তারপরও আমি আশাবাদী তাদের দলের মধ্যে শুভবুদ্ধির লোকজন আছেন। তারা পরীক্ষার আগে হরতাল প্রত্যাহার করবেন বলে আমার বিশ্বাস।’
 

হরতাল প্রত্যাহার না হলে পরীক্ষা পেছানো হবে কি? এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ঢাকায় ফেরার পর সিদ্ধান্ত নেব।’