ভাষাশহীদ জব্বারের নামে গ্রাম ৮ বছরেও বাস্তবায়ন হয়নি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ০১:০৬

১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যে ৫/৬ জন সাহসী তরুণ জীবন উত্সর্গ করেছেন তাদের মধ্যে অন্যতম ভাষা শহীদ আব্দুল জব্বার। ১৯১৯ সালে ময়মনসিংহে গফরগাঁও উপজেলায় পাঁচুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে তিনি শহীদ হন। তার স্মৃতি রক্ষার্থে সরকারিভাবে নিজ গ্রামের নাম পরিবর্তন করে ‘জব্বার নগর’ করার সিদ্ধান্ত হলেও গত ৮ বছরেও তা বাস্তবায়িত হয়নি। এ কারণে ক্ষোভ প্রকাশ করেছেন শহীদের পরিবার সদস্যরাসহ এলাকাবাসী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৫ মার্চ স্থানীয় সরকার বিভাগের সভায় ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে তার গ্রামের নাম (জন্মস্থান) পাঁচুয়ার পরিবর্তে ‘জব্বার নগর’ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু একই বছরের ৪ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে গ্রামের নাম পাঁচুয়ার পরিবর্তে জব্বার নগর নামকরণের বিষয়ে প্রস্তাব পাঠাতে ময়মনসিংহের জেলা প্রশাসককে নির্দেশক্রমে অনুরোধ করা হলে ৮ বছরেও সেই নির্দেশ বাস্তবায়ন হয়নি। গ্রামবাসী জানায়, ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি ভাষা শহীদ আব্দুল জব্বারের নামে গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তত্কালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আনোয়ারুল ইকবাল গ্রামের নাম জব্বার নগর বলে ঘোষণা দেন।