ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, অনেকে বলেন, দুই নেত্রীকে এক টেবিলে বসতে হবে। কিন্তু তেলে ও জলে কখনো এক হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন স্নেহময়ী মা, আর খালেদা জিয়া হলেন ডাইনী মা। একজন হলেন মুক্তিযুদ্ধের পক্ষে, আর অন্যজন হলেন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যুদ্ধাপরাধীদের পক্ষে।
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনিএ কথা বলেন। এসএসসি ও সমমান পরীক্ষার আগে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথীর সভাপতিত্বে ঢাকামহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. দিলীপ রায়, সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।
মায়া বলেন, যারা সংলাপের কথা বলেন, যারা দুই নেত্রীকে এক টেবিলে বসাতে চান, তারা আসলে আলোচনার নামে দেশের ক্ষতি করতে চান। তারা পরাজিত শক্তিকে উপরে উঠাতে চান। তারা দেশের শত্রু।
