সৌদিতে শ্রমিক পাঠাতে বাধা দূর

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:২০
 
সৌদি আরবে শ্রমিক পাঠাতে বাধা দূর হয়েছে বলে জানিয়েছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। রবিবার তিনি এই তথ্য নিশ্চিত করেন।
শহীদুল ইসলাম জানান, বাংলাদেশ থেকে ফের শ্রমিক নেয়ার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে সৌদি আরবের রাজকীয় সভা।দেশটির শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপ মন্ত্রী আহমেদ এফ আলফাহিদ  এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার খুঁটিনাটি বিভিন্ন বিষয় চূড়ান্ত করতে আগামী এক সপ্তাহের মধ্যে সৌদি সরকারের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসতে পারেন বলেও আশা করা হচ্ছে।
এর আগে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাব সৌদি আরবের মন্ত্রিসভায় পাস হয়। ২০০৮ সাল থেকে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে বাংলাদেশিদের কাজের ভিসা, পারিবারিক ভিসা, ইকামা ট্রান্সফার (স্পন্সর ঠিক রেখে কর্মস্থল পরিবর্তন), পেশা পরিবর্তনসহ সব ধরনের সুবিধা বন্ধ করে দেয় সৌদি সরকার।