বিশ্বকাপের আগে ক্রিকেট বিশ্বের তিন পরাশক্তির লড়াই। যেখানে অংশ নিয়েছিল আগামী বিশ্বকাপের স্বাগতিক দল অস্ট্রেলিয়া, বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ইংল্যান্ড। তাই স্বাভাবিকভাবেই এই ত্রিদেশী সিরিজের প্রতি নজর ছিল ক্রিকেটপ্রেমিদের। এই সিরিজে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শক্তির প্রদর্শনী ভালোভাবেই করল অসিরা।
আজ রবিবার পার্থের ওয়াকায় ফাইনালে ইংল্যান্ডকে ১১২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ২৭৮ রানের জবাবে ৩৯.১ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ম্যাক্সওয়েল ব্যাট হাতে ৯৫ রান করার পর বল হাতে নিয়েছেন ৪ উইকেট।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলেই অ্যারন ফিঞ্চকে হারায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক জর্জ বেইলিও দ্রুত বিদায় নেয়। অষ্টদশ ওভারে মইন আলির বলে স্টিভেন স্মিথ স্ট্যাম্পিং হয়ে গেলে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৬০/৪। এরপর মিচেল মার্শকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার দায়িত্ব কাঁধে তুলে নেন ম্যাক্সওয়েল। দুই জনে মিলে দলীয় স্কোরে ১৪১ রান যোগ করেন। ৫৫ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার স্টুয়ার্ট ব্রড।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মিচেল জনসন, জস হ্যাজলউড ও ফকনারের তোপের মুখে পড়েন ইংলিশরা। চতুর্থ ওভারে হ্যাজলউডের তৃতীয় বলে ইয়ান বেলের আউটের মধ্য দিয়ে ইংল্যান্ডের হতাশার শুরু। এরপর নবম ওভারের প্রথম বলে জেমস টেইলরকে এবং একাদশ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে মইন আলি ও ওয়েন মর্গ্যানকে ফিরিয়ে দিয়ে দলকে জয়ের পথ দেখান জনসন। খানিক বাদে ফকনারের বলে জো রুট এলবিডব্লিউ হয়ে গেলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৭১/৫। ওখান থেকে বাকি কাজটা মূলত একাই সারেন ম্যাক্সওয়েল।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৭৮/৮(ফিঞ্চ ০, ওয়ার্নার ১২, স্মিথ ৪০, বেইলি ২, ম্যাক্সওয়েল ৯৫, মার্শ ৬০, হ্যাডিন ৯, ফকনার ৫০*, জনসন ৩, স্ট্যার্ক ০*; ব্রড ৩/৫৫, অ্যান্ডারসন ২/৩৮, আলি ১/৩৯, ফিন ১/৫৩)
ইংল্যান্ড: ৩৯.১ ওভারে ১৬৬(আলি ২৬, বেল ৮, টেইলর ৪, রুট ২৫, মর্গ্যান ০, বোপারা ৩৩, বাটলার ১৭, ওকস ০, ব্রড ২৪, ফিন ৬, অ্যান্ডারসন ৫*; ম্যাক্সওয়েল ৪/৪৬, জনসন ৩/২৭, হ্যাজলউড ২/১৩, ফকনার ১/১১)
ম্যাচ সেরা: গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
টুর্নামেন্ট সেরা: মিচেল স্ট্যার্ক (অস্ট্রেলিয়া)
