‘সরকারের পতন ১৩ ফেব্রুয়ারির মধ্যে’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৩৭
‘১৩ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান সরকারের পতন হবে’ বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘দেশের জনগণকে রক্ষায় যে গণতান্ত্রিক আন্দোলন চলছে, এ আন্দোলনেই জনগণের দাবির মুখে সরকারের পতন হবে।’ রবিবার অবরোধ ও হরতালের সমর্থনে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ সব কথা বলেন।
সমাবেশে সুপ্রিম কোর্ট বার সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন বলেন, ‘সরকার ইনজুড়িতে আছে। ধাক্কা দিলেই পড়ে যাবে। আমি বলে রাখছি—সরকারের পতন আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে হবে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার  রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘খালেদা জিয়া এই আন্দোলনের ডাক দিয়েছেন। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’
রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘এক মন্ত্রীর হুমকিতে সরকার খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুত্, টেলিফোন, ডিশ ও পানির সংযোগ বিছিন্ন করে তাকে হত্যার ষড়যন্ত্র করছে। কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে একজন বিচারপতিরও স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারির সংবাদ পেলাম না।’
জয়নুল আবেদীনের সভাপতিত্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে আরো বক্তব্য দেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
সমাবেশ শেষে শতাধিক আইনজীবী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মাজার গেটে ঘুরে সমিতি ভবনে গিয়ে শেষ হয়।