আদালতের নির্দেশনা পেলে খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৩৫
 
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। আদালত থেকে যে ধরনের নির্দেশনা দেয়া হবে, সে অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয় এখনও আমাদের কাছে কোন নির্দেশনা আসেনি। 
রবিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের  জবাবে তিনি এসব কথা বলেন।
গত ৫ জানুয়ারি থেকে চলে আসা অবরোধে সহিংসতা ও নাশকতায় ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ঢাকা ও কুমিল্লায় দুটি ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা করেছে পুলিশ।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আসন্ন এসএসসি পরীক্ষা চলাকালে যে কোনো প্রকার নাশকতামূলক তত্পরতা ঠেকাতে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের দিক-নির্দেশনা অনুযায়ী এসএসসি পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে আইন-শৃঙ্খলা বাহিনী।
তিনি বলেন,  অবরোধ-হরতালের মধ্যে এবারের একুশে বইমেলার নিরাপত্তায় বরাবরের মতোই  কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রবেশ ও বের হওয়ার পথ আলাদা করে দেয়া হয়েছে।
শিগগিরই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,  সন্ত্রাসী তত্পরতার সঙ্গে যারা সরাসরি জড়িত এবং তাদের সহযোগীদের সম্পর্কে সরকারের নিকট তথ্য আসতে শুরু করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপরাধী ও তাদের দোসরদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু  হওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া বিগত বিশ্ব ইজতেমা চলাকালে ও আসন্ন এসএসসি পরীক্ষার সময় দেশব্যাপী হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে প্রমাণ করেছেন তার কাছে ধর্ম, দেশ ও দেশের জনগণ মূখ্য নয়। তার কাছে ক্ষমতার আসনে আসীন হওয়াই সব কিছুর আগে।