বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে আটকের পর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম হাসিবুল হকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে খিলগাঁও থানা পুলিশ। গত ৩০ জানুয়ারি খিলগাঁও এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে রবিবার রাত পৌনে আটটার দিকে তাকে আটক করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান ইত্তেফাককে জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাত পৌনে ৮টার দিকে মোসাদ্দেক আলী ফালুকে গুলশান থেকে আটক করে। তদন্তাধীন কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদাদের জন্য তাকে আটক করা হয়েছিল।
গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, গত কিছুদিনের মধ্যে মোসাদ্দেক আলী ফালু দুবাই, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর করেন। ওই সব দেশে প্রবাসীদের সঙ্গে বৈঠক করে তিনি বিএনপির পক্ষে সহযোগিতা চান। এক্ষেত্রে ওই সব প্রবাসী ব্যবসায়িদের কাছ থেকে আর্থিক সহায়তাও চাওয়া হয়েছে। এসব ঘটনার বিষয়ে তদন্তের জন্য মোসাদ্দেক আলী ফালুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের অপর কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মোসাদ্দেক আলী ফালু গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। সাক্ষাত্ শেষে রাত পৌনে ৮টার দিকে কার্যালয় থেকে বের হলে প্রধান ফটকের সামনেই তাকে পুলিশ আটক করে। কি অভিযোগে তাকে আটক করা হয়েছে সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে তাদের কিছু বলা হয়নি।
