অবিরাম হরতাল-অবরোধের হুমকি বিএনপির

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ২২:০২
 
সারা দেশে অবিরাম হরতালের হুমকি দিয়েছে বিএনপি। রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ইন্টারনেট, টেলিফোন, কেবল, নেটওয়ার্কসহ সব বৈদ্যুতিক যোগাযোগব্যবস্থা পুনঃস্থাপন করা হয়নি। অবিলম্বে এ সমস্ত সংযোগ পুনঃস্থাপন না করা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে অবিরাম হরতাল ও অবরোধ অব্যাহত রাখা হবে।’
বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশ এখন গণতন্ত্রের পরিবর্তে মনোতন্ত্র এবং ইচ্ছাতন্ত্রে প্রবেশ করেছে। ইচ্ছামতো গুলি করে আন্দোলনকারীদের হত্যার লাইসেন্স দেয়া হয়েছে। দলীয়করণকৃত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ নির্দেশ দিয়ে সব দায়দায়িত্ব কাঁধে নিয়েছেন প্রধানমন্ত্রী নিজে। জাতিসংঘের মানবাধিকার কমিশন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউসহ পৃথিবীর তাবত্ উন্নত রাষ্ট্রসমূহ, মানবাধিকার সংস্থা ও সংগঠনসমূহের উদ্বিগ্নতা সত্ত্বেও অবৈধ সরকার প্রতিনিয়ত ক্রসফায়ারের মাধ্যমে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের পাইকারি হারে হত্যা করছে। সরকার আন্দোলনকে কলুষিত করার কুমানসে সরকারি এজেন্টরা পেট্রোলবোমা হামলার মাধ্যমে মানুষ হত্যা করে দায়দায়িত্ব বিএনপিসহ ২০ দলীয় জোটের ওপর চাপানোর পুরোনো কৌশল অবলম্বন করেছে।’
বিবৃতিতে বলা হয়, ‘বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা করার জন্য সংসদে দাঁড়িয়ে সরকারপ্রধান নির্দেশ দিয়েছেন। কিন্তু মনে রাখতে হবে—এক মাঘে শীত যায় না, এই দিন দিন না, আরো দিন আছে।’