নতুন ভোটার তালিকায় পুরুষ বেশি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:৫৪

২০১৩ ও ২০১৪ সালের নতুন ও বাদপড়া ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ৩১ জানুয়ারি। হালনাগাদ করা ভোটার তালিকায় নতুন ভোটারদের ক্ষেত্রে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ কম, শতকরা হিসেবে যা প্রায় ১২ শতাংশ। হালনাগাদ তালিকায় পুরুষ ভোটার ৫৬ শতাংশ ও নারী ভোটার ৪৪ শতাংশ। হালনাগাদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে সর্বশেষ এই তথ্য জানানো হয়।

তালিকা অনুযায়ী, এ বছরের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা বেশি হয়েছে এমন ৪৬ লাখ ৯৫ হাজার ৬৫০ জন নতুন ভোটার পাওয়া গেছে। এর মধ্যে পুরুষ ২৬ লাখ ২৯ হাজার ৫০৬ জন আর নারী ২০ লাখ ৬৬ হাজার ১৪৪ জন। নতুনদের নিয়ে বর্তমানে দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ৯ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৬৫২ জন। এদের মধ্যে ৪ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ৬৪২ জন পুরুষ এবং ৪ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার ১০ জন নারী। আনুপাতিক হিসেবে যা দাঁড়ায় ৫০ দশমিক ৩৭ ও ৪৯ দশমিক ৬৩।