সংকটময় পরিস্থিতিতে ঋণের সুদ মওকুফে ব্যবসায়ীদের আহ্বান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ০২:১৩

দেশে বিরাজমান স্থবিরতার প্রেক্ষিতে ব্যবসায়ীদের ঋণের দুই কোয়ার্টারের সুদ মওকুফে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা শিথিলকরণের অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে গতকাল রবিবার পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।

চেম্বার সভাপতি চিঠিতে উল্লে­খ করেন, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সড়ক-মহাসড়কে চলাচলকারী পণ্য ও যাত্রীবাহী যানবাহন ভাংচুর এবং অগ্নিসংযোগের পাশাপাশি যানবাহনের তীব্র সংকটসহ ২/৩ গুণ ভাড়া বৃদ্ধির কারণে শিল্পের কাঁচামালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পরিবহনে বিঘ্ন ঘটায় কাঁচামালের অভাবে শিল্পোত্পাদন স্থবির হয়ে পড়েছে। যানবাহনের অপ্রতুলতায় পণ্য পরিবহন এমনকি জীবন রক্ষাকারী ওষুধবাহী যানবাহন পর্যন্ত চলাচল করতে পারছে না। বন্দরমুখী রপ্তানি পণ্য যথাসময়ে শিপমেন্টের অভাবে বিদেশি ক্রেতাদের পক্ষ থেকে আমদানি আদেশ বাতিলসহ সামগ্রিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে। শিল্পোত্পাদনসহ সামগ্রিক ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতার পাশাপাশি ব্যাংক ঋণের সুদসহ কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে গিয়ে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো হিমশিম খাচ্ছে।