গুলশান কার্যালয়ের বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘটনার নিন্দা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:১১
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি এডভোকেট মাহবুব হোসেন এ নিন্দা জানান।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এ ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। এতে খালেদা জিয়ার নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। সরকারের এই হীন আচরণ দেশবাসী মেনে নিবে না। তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এ জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে।
তিনি আরো বলেন, ‘এ আচরণ প্রমাণ করে সরকার জনগণের যানমালের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলাবাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এতে দেশ চরম সঙ্কটের মুখে।’
তিনি অবিলম্বে সকল দলের অংশগ্রহণে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে এই সঙ্কট সমাধানের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সমিতিরি সহসভাপতি ড. রফিকুল ইসলাম মেহেদী, সাধারণ সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নাসরীন আক্তার প্রমুখ।