সিএএবির উপ-পরিচালক আবু সাইদের বিরুদ্ধে মামলা দায়ের

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ২০:২২
ঘুষ গ্রহণের অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) উপ-পরিচালক (এইএলডি) মোহাম্মদ আবু সাইদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার রাজধানীর উত্তরা মডেল থানায় মামলাটি (মামলা নম্বর-১৯) দায়ের করা হয়। দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদক সূত্র জানায়, মোহাম্মদ আবু সাইদ সিভিল এভিয়েশন অথরিটির সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে রূপসী বাংলা এয়ারলাইন্সের এমডি মো. আফজাল হোসেনের কাছ থেকে ৭৮ হাজার ১২০ টাকা ঘুষ গ্রহণ করেন। কোর্টের আদেশ অনুসারে বিদেশে গিয়ে রূপসী বাংলা এয়ারলাইন্সের তিনটি বিমান পরিদর্শন করার নামে মোহাম্মদ আবু সাইদ অবৈধভাবে ওই অর্থ গ্রহণ করেন।
কমিশনের অনুসন্ধানে এসব অভিযোগে প্রমাণিত হওয়ায় দন্ডবিধি ১৬১ ধরা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।