স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দেশে ২৭১ উপজেলার ৫০ লাখ নলকূপের আর্সেনিক পরীক্ষা করা হয়েছে।
তিনি সোমবার সংসদে সরকারি দলের সদস্য মো. হাবিবর রহমানের এক প্রশ্নের জবাবে আরো বলেন, আর্সেনিক পরীক্ষায় ১৪ লাখ ৫ হাজার অর্থাৎ শতকরা ২৯ ভাগ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে।
প্রতিমন্ত্রী বলেন, আর্সেনিক ঝুঁকিপূর্ণ জনসাধারণকে রক্ষায় সরকার পল্লী এলাকায় প্রতি ৯৩ জনের জন্য ১টি পানির উৎস নিশ্চিত করেছে এবং পানি সরবরাহের কভারেজ ৮২ শতাংশ থেকে বেড়ে ৮৮ শতাংশ উন্নীত হয়েছে।
মসিউর রহমান রাঙ্গা বলেন, আর্সেনিক আক্রান্ত এলাকাসহ গ্রামাঞ্চলে ১ লাখ ৪৫ হাজারটি আর্সেনিকমুক্ত নিরাপদ পানির উৎস স্থাপন করা হয়েছে। বন্যাত্তোর পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন করা হয়েছে।
তিনি বলেন, সিডর ও আইলা আক্রান্ত এলাকায় আপদকালীন জরুরী মোকাবেলাসহ এ সব এলাকায় ৯ হাজারটি পানির উৎস স্থাপন করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ১ লাখ ৩০ হাজার পানির উৎসের গুণগত মান পরীক্ষাসহ ৬১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যমান খাবার পানি উৎসের গুণগত মান পরীক্ষা করে নিরাপদ পানির উৎসবিহীন প্রায় ১২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ পানির উৎস স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা নেই এমন ১৫৫টি পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থার সম্ভাব্যতা যাচাইসহ বিনিয়োগ প্রকল্প প্রণয়ন করা হচ্ছে।
