৫ জানুয়ারির পর থেকে হরতাল-অবরোধ চলাকালে পেট্রোল বোমায় সারাদেশে ৪২ জনকে হত্যার দায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমেদসহ চারজনের বিরুদ্ধে সোমবার হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই নালিশি মামলাটি দায়ের করেন। মহানগর হাকিম আতিকুর রহমান অভিযোগটি আমলে নিয়ে গুলশান থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে আগামী ১ মার্চের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।
মামলায় খালেদা জিয়াসহ চার আসামির বিরুদ্ধে অপরাধের ষড়যন্ত্র, পরিকল্পনা, অপরাধ সংঘটনে উত্সাহ ও যোগসাজশের অভিযোগ আনা হয়েছে।
মামলার অপর আসামিরা হলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
সোমবার সকালে এবি সিদ্দিক ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে আইনজীবী রওশন আরা ডেইজীর মাধ্যমে এ মামলা দায়ের করেন।
দায়েরকৃত এ মামলার অভিযোগে বলা হয়, খালেদা জিয়ার নির্দেশে গত ৫ জানুয়ারি থেকে সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ ও হরতালেল ডাকে সৃষ্ট সহিংসতায় এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। লোকসান হয়েছে সরকারের কোটি কোটি টাকা। যা জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। এ ঘটনাগুলো ঘটা ও নিহতদের দায়ভার হিসাবে অপরাধের গডফাদার, অপরাধমূলক ষড়যন্ত্র ও ওই অপরাধ সংঘটনকে উত্সাহ জোগানোর কারণে খালেদাসহ অন্যরা যৌথভাবে দায়ী হবেন।
প্রসঙ্গত, রাজধানীর যাত্রাবাড়ী ও কুমিল্লায় বাসে পেট্রল ছুড়ে মানুষ মারা পৃথক দুইটি ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা হয়েছে।
