বদলে দেয়ার অঙ্গীকার শাকিব খানের

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ২১:১৯
 
চলচ্চিত্র সংশ্লিষ্টদের উন্নয়নের জন্য সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শাকিব খান ও সাধারাণ সম্পাদক অমিত হাসান।
রবিবার বিএফডিসিতে চলচ্চিত্র সমিতির এই দুই নেতা সমিতির চেহারা পাল্টে দেবেন বলেও প্রত্যয় ব্যাক্ত করেন।
শাকিব খানের সভাপতি পদে দ্বিতীয়বার নির্বাচিত হওয়া প্রসঙ্গে বলেন, 'গত মেয়াদে আমার কর্মকাণ্ডে চলচ্চত্র শিল্পীরা সন্তুষ্ট বলেই সভাপতি পদে আবারও আমাকে নির্বাচিত করেছেন। আমি সিনিয়র-জুনিয়র সকল শিল্পীদের উন্নয়নের জন্য আরও সচেষ্ট হবো।' এছাড়াও, শিল্পীদের উন্নয়নে শাকিব এরই মধ্যে বেশ কিছু পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন, তবে সেই পরিকল্পনা নিয়ে এখনই বিস্তারিত বলতে চান না তিনি। এসময় প্রতিপক্ষের সমালোচনা ও নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও নাকচ করেছেন শাকিব খান। 
সাধারণ সম্পাদক অমিত হাসান কলাকুশলীরা যেন ন্যায্য পারিশ্রমিক পান সে ব্যাপারটি নিয়ে কাজ করবেন বলে তার বক্তব্যে জানিয়েছেন।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহসভাপতি ওমর সানি, নাদির খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডন, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সানু শিবা।
শুক্রবার বিএফডিসিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।  শাকিব খান-মিশা সওদাগর প্যানেলের মুখোমুখি হয়েছিলেন আহমেদ শরীফ-আমির সিরাজী প্যানেল। নির্বাচনে শরীফ প্যানেলকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে জয়ী হয়েছে শাকিব প্যানেল। তবে মিশা সওদাগর হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী অমিত হাসানের কাছে।