ঢাকার জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ২১:৩০
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এসএম কুদ্দুস জামানকে ঢাকার জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে তার স্থলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের সচিব জেলা জজ ফরিদ আহমেদ শিবলী।
এদিকে ঢাকার জেলা ও দায়রা জজ মোঃ আবদুল মজিদকে ঢাকার প্রশাসনিক ট্রাইবুনাল নং-২ এর সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সাব্বির ফয়েজকে প্রেষণে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সোমবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।