ইনজুরির কারণে বিশ্বকাপ খেলা হচ্ছে না পাকিস্তানের বাহাতি পেসার জুনায়েদ খানের। দিন কয়েক আগে পায়ে চোট পান জুনায়েদ। সর্বশেষ ফিটনেস টেস্টে ব্যর্থ হলে ১৫ সদস্যের বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে হয় তাকে।
বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হওয়ার আগে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ওয়ানডে খেলার প্রাক্কালে আরেকটি বিপর্যয়ের মধ্যে পড়লো পাকিস্তান।
সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক মুখপাত্র জানান, ‘ইনজুরির কারণে জুনায়েদকে ফিটনেস টেস্ট দিতে হয়। সেখানে ফিট না হওয়ায় তাকে বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছে না।’ তার পরিবর্তে বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন মোহাম্মদ ইরফান।
বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার প্রতিক্রিয়ায় ২৫ বছর বয়সী জুনায়েদ বলেন, ‘বিশ্বকাপে খেলতে না পারাটা আমার জন্য কষ্টদায়ক। আমি ফিটনেস টেস্টে পাস করতে পারিনি। আমি না খেলতে পারলেও দলের জন্য আমার প্রার্থনা থাকবে।’ ইনজুরির কারণে আগেই বিশ্বকাপ থেকে থেকে ছিটকে পড়েছিলেন উমর গুল।
বোলিং অ্যাকশনের কারণে খেলতে পারবেন না স্পিনার সাইদ আজমল। আগামী শুক্রবার বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে বিশ্বকাপে খেলতে আর কোন বাঁধা থাকবে না মোহাম্মদ হাফিজের।
