‘খালেদা পেট্রোলবোমা মেরে সংলাপ করতে পারবেন না’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ২২:০৮
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, পেট্রোলবোমা মেরে বিএনপি নেত্রী খালেদা কোন দিন সংলাপ আদায় করতে পারবেন না। সংলাপের জন্য তাকে নৈরাজ্যের পথ পরিহার করতে হবে।
সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সহিংসতা করে কখনো সংলাপ হয় না। সংলাপ হতে হলে শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন। খালেদা জিয়া যা করছেন, এটাকে আন্দোলন বলে না, এটা হচ্ছে অপরাধ। তিনি বলেন, আওয়ামী লীগ ছাত্র সমাজের পক্ষে আছে। আগামী  ৬ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে কেন্দ্র পাহারায় থাকবো, যেন শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
নৌকা সমার্থক গোষ্ঠীর সভাপতি সৈয়দ খন্দকার এনামুল হক সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, নৌকা সমার্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজিসহ প্রমুখ।