ফেনী পৌরমেয়রের গাড়িচালক সাইফুল ইসলাম দূর্বৃত্তদের ছোড়া ককটেলে গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। মেয়রের ছোট ভাই ফেনী চেম্বারের সাবেক প্রেসিডেন্ট জামাল উদ্দিন জানান, চালক সাইফুল শহরের স্টার লাইন কাউন্টার থেকে মেয়রের বাড়ির দিকে যাচ্ছিলেন। শহরের সেন্ট্রাল হাই স্কুলের সামনে পৌঁছলে দূর্বৃত্তরা গাড়িতে ককটেল হামলা চালায়। এ সময় সাইফুল গুরুতর আহত হন। আহত সাইফুলকে প্রথমে একটি ক্লিনিকে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে ফেনীর দাগনভূঞা উপজেলার আবদুল হকের ছেলে।
ফেনী স্টার লাইন পরিবহনের পরিদর্শক আহসান উল্লাহ ও স্টাফ শরিফ উদ্দিন জানান, স্টার লাইন পরিবহন অফিস থেকে বাড়ী যাওয়ার পথে কয়েকটি স্থানে দূর্বৃত্তরা সাইফুলকে হামলা করতে চেয়েছিল। তাই সে রাস্তা পরিবর্তন করে ফেনী সেন্ট্রাল হাই স্কুলের সামনে দিয়ে যাওয়া নিরাপদ মনে করে। সেদিক দিয়ে যাওয়ার সময় দূর্বৃত্তরা তাকে হামলা করলে গুরুতর আহত হয়।
ফেনী জেলা সদর হাসপাতালের কর্তব্যরত ডাঃ মোঃ রায়হান উদ্দিন চৌধুরী জানান, সাইফুলের মুখে, চোখে ও শরীরের বিভিন্ন স্থানে বোমার স্প্লিন্টারের আঘাত রয়েছে। ফেনীর পুলিশ সুপার রেজাউল হক ও ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
