বছরের প্রথম ১০০ কোটির সিনেমা হচ্ছে 'বেবি'

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৫, ০৯:১৫

বছরের প্রথম বানিজ্যিকভাবে সফল বলিউড সিনেমা 'বেবি' ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়তে চলেছে। মুক্তির ৯ দিনের মধ্যে নীরজ পান্ডে-অক্ষয় কুমার যুগলবন্দির অ্যাকশন থ্রিলার এই সিনেমা ৯০ কোটি ব্যবসা করে চলেছে। গত বছর ১৯ ডিসেম্বর 'পিকে'-এর মুক্তির পর নতুন বছরে আর কোনও বলিউড সিনেমা বলার মত সাফল্য পায়নি। সবাই অপেক্ষায় ছিল কবে প্রথম সাফল্যের স্বাদ পাওয়া যায়। অক্ষয় কুমারের 'বেবি' ঠিক সেটাই করে দেখাল।
অক্ষয় কুমারের দুর্দান্ত অভিনয়, টানটান স্ক্রিপ্ট, অসাধারণ পরিচালনা বেবিকে সাফল্যের পথ দেখাল বলে বিশেষজ্ঞমহলের মত। অক্ষয়ের সঙ্গেই অনুপম খের সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন। প্রসঙ্গত, পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত হয়েছে এই সিনেমাটি।
এদিকে, 'বেবি'-র সফলতার মাঝে ২০১৫-এ বলিউডে ফ্লপের ধারা অব্যাহত। প্রথম তিন দিনে ব্যবসার যা হাল তাতে মুখ থুবড়ে পড়তে চলেছে ভাট ক্যাম্প হরর-এক্স সিনেমা 'খামোশিয়া', আয়ুষ্মান খুরানার 'হাওয়াইজাদা' আর মনীশ গুপ্তের মিস্ট্রি সিনেমা 'রহস্য'।
সূত্র-জি নিউজ।