লক্ষ্মীপুরে যুবলীগ কর্মীর গলা কাটা লাশ উদ্ধার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:২৭



লক্ষ্মীপুরে মো. রুবেল (৩০) নামে এক যুবলীগ নেতাকে জবাই করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতের কোনো এক সময় সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ঐ ইউনিয়নের বড়পাড়া গ্রামের ঠাকুরবাড়ির পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত রুবেল সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি ঐ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুবলীগ কর্মী বলে জানিয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম সালাউদ্দিন টিপু ।
তবে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহত মো. রুবেল বিপ্লব বাহিনীর সদস্য ছিলেন, আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরো জানান, রুবেলের বিরুদ্ধে সদর থানায় ৩টি মামলা রয়েছে।