বিজেপির নির্বাচনী প্রচারণায় এবার চিঠি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:৪১
 
দিল্লির বিধানসভার নির্বাচনকে সামনে রেখে বেশ আটসাঁট বেঁধেই নেমেছে ক্ষমতাসীন বিজেপি। এবার চিঠি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাবে দলটি। মঙ্গলবার এনডিটিভির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দিল্লির ১.২০ কোটি ভোটারদের ব্যক্তিগত চিঠি পাঠাবে বিজেপি। কোনো রাজনৈতিক দলের জন্য এটা বোধহয় অনেক বড় পদক্ষেপ।
সূত্র জানিয়েছে, চিঠিগুলো প্রত্যেক পরিবারের প্রধানদের উদ্দেশে পাঠানো হবে। গত নয় মাস ধরে মোদি সরকার দিল্লির পরিবারগুলোর তথ্য সংগ্রহ করেছে।
নারীর নিরাপত্তা, দুর্নীতিমুক্ত শহর, ২৪ ঘণ্টা বিদ্যুত্ সুবিধা, পানীয় জল, ভালো রাস্তা, সব সরকারি স্কুলে উন্নত সেবা ও সব সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা থাকবে বলে চিঠিতে  উল্লেখ রয়েছে। এরপর ভোটারদের কাছে ভোট চেয়েছে বিজেপি।
আগামী ৫ ফেবু্রয়ারি এই চিঠিগুলো ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে। এর দুইদিন পরই নির্বাচন।
প্রত্যেকটি চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি, বিজেপি থেকে দিল্লির মুখ্যমন্ত্রী পদের প্রার্থী কিরণ বেদি ও স্থানীয় প্রার্থীর ছবি রয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল জানা যাবে ১০ ফেব্রুয়ারি।