বিএনপিসহ ২০ দলের ডাকা দেশব্যাপী টানা অবরোধের পাশাপাশি ৭২ ঘন্টা হরতালের ৩য় দিনে মঙ্গলবার সাতক্ষীরায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে হরতাল। হরতালে মাঠে নেই ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা। তবে, হরতালের কারণে দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে। অভ্যন্তরীন রুটে বাস-মিনিবাসসহ অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের পক্ষে জেলার কোথাও কোন মিছিল মিটিং ও সমাবেশের খবর পাওয়া যায়নি।
এদিকে, নাশকতার আশঙ্কায় পুলিশ সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতসহ মোট ৩৭ জনকে আটক করেছে। এদের মধ্যে, বিএনপি-জামায়াতের ১৩ জন নেতা-কর্মী রয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অপরদিকে, নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি জেলায় র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
