রাজশাহীতে ট্রাকে পেট্রোল বোমা হামলা চালিয়ে আগুন দেয়ার পৃথক মামলায় বিএনপি ও জামায়াতসহ ২০ দলীয় জোটের ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে নগরীর রাজপাড়া ও শাহমখদুম থানায় পুলিশ বাদী হয়ে উভয় মামলায় বিএনপি-জামায়াতের চার নেতাকর্মীকে গ্রেফতার করে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।
মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, সোমবার রাতে নগরীর শাহমখদুম থানার ছোটবনগ্রামে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা হামলা চালিয়ে অগ্নিসংযোগের ঘটনায় শাহমখদুম থানার এসআই মোমেন সরকার বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৩৭ নেতাকর্মীর নামোল্লেখ করে মামলা দায়ের করেন। এছাড়া অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। ইতোমধ্যে মামলায় চার আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই বেলাল হোসেন।
অন্যদিকে, সোমবার রাতে নগরীর মোল্লাপাড়া বাইপাস সড়কের ঠাকুরমারায় বালুবাহী আরেকটি ট্রাকে পেট্রোল বোমা হামলা চালিয়ে আগুন দেয়ার ঘটনায় রাজপাড়া থানার এসআই শরিফুল ইসলাম বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীর নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। তবে আসামিদের কেউ গ্রেফতার হয়নি বলে তদন্ত কর্মকর্তা এসআই আবু রায়হান জানান।
উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ৮টায় নগরীর দুইটি পয়েন্টে পেট্রোল বোমা হামলা চালিয়ে দুইটি ট্রাকে আগুন দেয়া হয়। এতে দুই ট্রাকের চালক ফারুক হোসেন (৪২) ও সাইদুল ইসলাম (৪০) এবং হেলপার শহিদুল ইসলাম (৩৮) দগ্ধ হন। তাদের রাতেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। উভয় ট্রাক বালু নামিয়ে গন্তব্যে ফিরছিলো, দগ্ধরা জানান।
