টানা চার কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক ১৩৯ পয়েন্ট কমার পর মঙ্গলবার কিছুটা বেড়েছে। তবে সূচক বাড়লেও লেনদেন আগের দিনের তুলনায় কমে গেছে। ডিএসইতে শেয়ারদর বৃদ্ধির তালিকায় সেরা দশে উঠে এসেছে বিমা খাতের ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো—ইউনাইটেড ইন্সুরেন্স, ইসলামী ইন্সুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স।
দিনের শুরুতে সূচকের গতি নিম্নমুখী থাকলেও পরবর্তীতে কিছুটা উঠে আসে। তথ্যে দেখা গেছে—শেষ পর্যন্ত মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্য সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯৪ কোটি ৫২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩২ কোটি ৪২ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৭টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১১৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৭ কোটি ৩৯ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের।
